মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ কর্তৃক আয়োজিত আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক থেকে আটক হওয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম সহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সমকালকে বলেন, ‘মামলা রুজুর প্রস্তুতি চলছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হবে।’
এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে মবের ঘটনা ঘটে। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের। তিনি এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার আসতে বিলম্ব হওয়ায় সভা শুরু হতে দেরি হয়। তবে ইতোমধ্যে ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মেসবাহ কামাল, সাংবাদিক মাহবুব কামাল, সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ অনেকে চলে আসেন। বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হয়।
আয়োজকদের একজন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বীরপ্রতীকের সঞ্চালনায় সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পাঁয়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।’
অধ্যাপক কার্জনের বক্তব্য শেষ হলে পরের আলোচক হিসেবে সাংবাদিক মাহবুব কামালের নাম ঘোষণা হয়। এর মধ্যেই এক দল লোক হট্টগোল করে অনুষ্ঠানে ঢুকে পড়ে। তারা হ্যান্ডমাইকে ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের যোদ্ধারা, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। কারও কারও হাতে ছিল লাঠি। তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেয়। পরে আয়োজকদের সঙ্গে হাতাহাতি শুরু করে। অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে।
এ সময় মঞ্চের অন্য অতিথিরা উঠে গেলে লতিফ সিদ্দিকীকে ঘিরে স্লোগান দিতে থাকে নিজেদের জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা। তাঁকে আসন ছেড়ে বেরিয়ে যেতে চিৎকার করে বলতে থাকে। এ সময় এক ব্যক্তি লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকে। সে বলে, দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগ পুনর্বাসন করতে ঠিকাদারি নিয়েছে ‘মঞ্চ ৭১’ নামে এই প্ল্যাটফর্ম। এই লতিফ সিদ্দিকী ও তাঁর ভাই কাদের সিদ্দিকী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপি ছিলেন। জুলাইযোদ্ধারা যতক্ষণ বেঁচে আছেন, ততক্ষণ এই দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না।
পরে তারা লতিফ সিদ্দিকীকে আসন থেকে উঠিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। এ সময় পেছন থেকে তাঁকে ধাক্কা এবং টি-শার্ট ধরে টানাটানি করা হয়। এ সময় মিলনায়তনে ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার-টেবিল। আয়োজকদের একজনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে বেধড়ক মারধর করা হয়। একজনের মুখে ঘুসি ও অন্যজনকে গলা চেপে ধরা হয়। এতে পুরো মিলনায়তনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন অতিথি দৌড়ে কক্ষের বাইরে গিয়ে আত্মরক্ষা করেন।
দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তিরা লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে পুলিশের কাছে সোপর্দ করে।
থানায় যাওয়ার আগে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি জানতাম না এখানে সমস্যা হবে। আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই। দাওয়াত পেয়ে অনুষ্ঠানে এসেছিলাম।’
অন্যদিকে ‘জুলাইযোদ্ধাদের’ নেতা হিসেবে পরিচয় দেওয়া আল আমিন রাসেল বলেন, এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন ষড়যন্ত্র করছে। জুলাইযোদ্ধারা বেঁচে থাকতে এমন ষড়যন্ত্র চলবে না।
ঘটনাস্থলে উপস্থিত জামায়াতে ইসলামীর পল্টন থানার নেতা শামীম হোসাইন দাবি করেন, একটি গোষ্ঠী একাত্তর ও চব্বিশকে মুখোমুখি করে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। আমরা আইন হাতে তুলে না নিয়ে তাদের পুলিশে সোপর্দ করেছি।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছিল। অনুষ্ঠান চলাকালে ২০-২৫ জন এসে হট্টগোল করে আমাদের ঘিরে ফেলে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
১৬ জনকে নিয়ে যাওয়ার পর গতকাল বিকেলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেছিলেন, মবের শিকার যেন না হন, সে কারণে লতিফ সিদ্দিকীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘মঞ্চ ৭১’ প্ল্যাটফর্মটি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীরপ্রতীক) ও আইনজীবী জেড আই খান পান্না এর সমন্বয় করছেন।