বিশেষ প্রতিবেদক : আন্দোলন করার মতো যোগ্যতা বা সক্ষমতা কোনোটাই বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে আকস্মিক পরিদর্শনশেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আর আলোচনার প্রয়োজন নেই বলে মনে করেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘ইলেকশন কমিশন যেটা ইমিডিয়েট দেশে প্রয়োজন, যেটা ইলেকশন করার জন্য ইলেকশন কমিশন পুনর্গঠন, যেটাফেব্রুয়ারি মাসে হবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠনের এখতিয়ার তো মহামান্যরাষ্ট্রপতির। তিনি সংলাপ করছেন। এই সংলাপ শেষ হয়ে সিদ্ধান্ত হওয়ার আগে আরেকটা সংলাপের প্রশ্ন তো আসছে না।’
গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনা শুরুর মধ্য দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়। সংলাপের অংশ হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন রাষ্ট্রপতি।
বিভিন্ন সময়ে সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি।

