আন্তর্জাতিক চাপে কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করব না-ইরানের প্রেসিডেন্ট

ইরানের ক্ষমতায় আসার পর সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্মেলনে তিনি ইরানের বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

আন্তর্জাতিক চাপের কাছে মাথানত করে তেহরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রেসিডেন্ট জানান, ইরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না। ইসরাইল যেভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গাজায় অমানবিক আগ্রাসন চালাচ্ছে, তা দেখে ইরানের নিরাপত্তা নিশ্চিতে ক্ষেপণাস্ত্রের প্রয়োজন বলে মনে করেন তিনি।

পেজেশকিয়ান আন্তর্জাতিক সংস্থাদের আগে ইসরাইলকে নিরস্ত্র করে, এরপর তেহরানের দিকে নজর দেয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের কাছে হাইপারসোনিক মিসাইল সরবরাহের অভিযোগও অস্বীকার করেছেন পেজেশকিয়ান। হুতিরা যে মিসাইল ব্যবহার করেছে তা ইরানের অস্ত্রভান্ডারে নেই বলে দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রে সঙ্গে আলোচনা প্রসঙ্গেও কথা বলেন ইরানের সংস্কারপন্থি এই প্রেসিডেন্ট। তিনি বলেন, তেহরানের প্রতি নেতিবাচক মনোভাব পরিহার করলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো বৈরি মনোভাব নেই। তেহরানকে শত্রু ভাবা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান পেজেশকিয়ান।

সংবাদ সম্মেলনে নব নির্বাচিত ইরানের প্রেসিডেন্ট জানান, কোনো আন্তর্জাতিক চাপের কাছেই ইরান মাথা নত করবে না। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির আশ্বাস দেন পেজেশকিয়ান।

এ ছাড়া চীন-রাশিয়ার সঙ্গেও বন্ধুত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি। যেকোনো প্রতিকূলতার বিরুদ্ধে ইসলামিক রাষ্ট্রগুলোকে এক হয়ে থাকার আহ্বান‘ জানান পেজেশকিয়ান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।