কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে নিয়মিত সফরের ধারাবাহিকতায় এবার তিনি কিশোরগঞ্জে একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। এরপর জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।
আরও পড়ুনঃ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক ২,৪৪৩ মিলিয়ন ঘনফুট, ঘাটতি ১,৩৫৭
বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মাসিক সম্মানি ভাতা প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত হবে।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাদের দাবি, কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের উন্নয়ন পরিকল্পনাকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সফর ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুনঃ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৬ অঞ্চলে নৌ হুঁশিয়ারি
প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, জেলার হাওর-বাঁওড় অঞ্চলে ব্যাপকভাবে মাছ চাষ হয়। মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষকে উৎসাহিত করা এবং মৎস্য খাতের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ।
জনপ্রতিনিধিরাও মনে করছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন কৃষক ও সাধারণ মানুষের উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশা করছেন।
আরও পড়ুনঃ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলা, নিহত ১১
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি স্থানীয় পর্যায়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার মৎস্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে সফরটি নতুন গতি আনবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।



