গাজীপুর প্রতিনিধি: আজ শেষ হচ্ছে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
দেশ-বিদেশের লাখো মুসল্লি তিন দিনব্যাপী এ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেবেন। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ভারতের মাওলানা মুহাম্মদ সাদ। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়তি বয়ান।
মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। জিকির আসকার, ইবাদত বন্দেগি আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শোনার মধ্যদিয়ে মসল্লিরা বিশ্ব ইজতেমার দুইদিন অতিবাহিত করেছেন।
ইজতেমার আগত মুসল্লির বাইরেও গাজীপুর এবং রাজধানী ঢাকা ও আশপাশ এলাকার লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে ইজতেমাস্থলে আসছেন। অনেকেই আখেরি মোনাজাতে শরিক হবার উদ্দেশ্যে শনিবারই ইজতেমা মাঠে এসে পৌঁছেছেন। এমনকি ইজতেমাস্থলের আশপাশে আত্মীয়স্বজনের বাড়িতে এসে উঠেছেন। ইজতেমাস্থলের আশপাশ এলাকায় যানবাহন চলাচল রাত থেকে বন্ধ থাকায় ফজরের নামাজের পর থেকে হেটে দলে দলে মানুষ ইজতেমাস্থলে আসছেন। আখেরি মোনাজাত শুরুর আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।
টঙ্গী স্টেশনের স্টেশনমাস্টার মো. হালিমুজ্জামান জানান, মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে আখেরি মোনাজাতের দিন ২৩টি বিশেষ ট্রেন এবং সকল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনসহ ১১১টি ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা রাখা হয়েছে।