আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা॥
হামলা আর হুমকি ধামকীতে বন্ধ হয়ে গেছে এক সংখ্যালঘু মুক্তিযোদ্ধার বাড়ির ধর্মীয় অনুষ্ঠান। চিরায়ত ধর্মীয় অনুষ্ঠান বন্ধের কারণে উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে ওই সংখ্যালঘু মুক্তিযোদ্ধার পরিবার। এলাকার সাধারন মানুষের মাঝে তীব্র ক্ষোভ।
জানা গেছে, উপজেলার পয়সারহাট গ্রামের সংখ্যালঘু মুক্তিযোদ্ধা রাজেন মধুর ঘরে প্রতি সপ্তাহের মতো রবিবার রাতেও ধর্মীয় অনুষ্ঠান হরি সেবা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে একই বাড়ির সৈয়দ আলীর ছেলে পয়সারহাট বন্দরের ব্যবসায়ি হালিম চৌকিদার ওরফে হালিম মিয়া রাজেন মধুর ঘরে গিয়ে তাকে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। হালিমের কথায় রাজেন অনুষ্ঠান বন্ধ না করায় হালিম রাজেনের ঘর দরজায় হামলা চালায়। এসময় ধর্মীয় অনুষ্ঠানে আগত ভক্তদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। এক পর্যায়ে হালিমের হুমকী ধামকীতে আগত লোকজন অনুষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যায়। রাতেই এই খবর চারদিকে ছড়িয়ে পরলে ধর্ম হিন্দু-মুসলমান লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সোমবার সকালে রাজেন মধু স্থানীয় ইউপি সদস্য সোবহান মিয়াকে বিষয়টি জানালেও তিনি কোন ব্যবস্থা নেয়নি।
রাজেন মধু বাড়ি না থাকায় তার স্ত্রী শোভা রানী বলেন, তার স্বামী অসাম্প্রদায়িক চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। এখন যে অবস্থা তাতে ওই বাড়িতে বসবাস করাই তাদের জন্য কঠিন। আর কোন ধর্মীয় অনুষ্ঠান করতে পারবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বিপুল দাস বলেন, বিষয়টি তাকে কেউ জানায় নি। এরকম ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক। বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান।


