আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ওসি’র হাতে দু’দফায় ব্যবসায়ী ও স্কুল কমিটির সভাপতিকে নির্যাতনের ঘটনায় এসপি’র নির্দেশে ঘটনার তদন্তে নেমেছেন গৌরনদী সার্কেল এএসপি নাঈমুর রহমান। এ ঘটনায় ড্রাইভার মোকলেসকে ক্লোজ করা হয়েছে। আহত ব্যবসায়ী বাদল গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল রোববার দুপুরে আগৈলঝাড়ার সেরাল গ্রাম ওসি’র বিচার ও অপসারণের দাবিতে বিক্ষুব্ধ জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন ওসি মনিরুল ইসলাম। এএসপি হাসপাতালে ভর্তি ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান সেরনিয়াবাত বাদলের সাথে দেখা করে তার স্বাক্ষ্য গ্রহন করেন।
সূত্রে জানাগেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের সিরুর দোকান এলাকায় শনিবার দুপুরে ওসি মনিরুল ইসলামের হাতে নির্যাতনের শিকার ব্যবসায়ী বাদল আহত হয়। গতকাল দুপুরে ঘটনাস্থলে বিভিন্ন লোকের স্বাক্ষ্যগ্রহণ করেন এএসপি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এএসপি জানান, ঘটনার তদন্ত চলছে। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কতদিনে তদন্ত রিপোর্ট জানা যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খ্বু শীঘ্রই পুলিশ সুপারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে। এদিকে আহত ব্যবসায়ী বাদলের চাচা জুলফিকার সেরনিয়াবাত জানান, ঘটনার পরপরই বাদলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। আহত ব্যবসায়ী বাদল স্থানীয় সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি। ওসি’র বিচার ও অপসারণের দাবিতে গতকাল রোববার সকালে সেরাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কথা থাকলেও এমপি’র বিচারের আশ্বাসের কারণে ওই কর্মসূচি স্থগিত করা হয়। গতকাল রোববার দুপুরে সেরাল গ্রাম অতিক্রমকালে বিক্ষুব্ধ জনতা লাঞ্ছিত করেছেন ওসি মনিরুল ইসলামকে।
বিকেলে ম্যানেজিং কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান, কালু মোল্লা, হেমায়েত উদ্দিন, প্রধান শিক্ষক আলী আহম্মেদ, শিক্ষক মাওলানা আ. কুদ্দুস, গোলাম রসুল, সাবেক সদস্য গোলাম নবী ও আহতের চাচা জুলফিার সেরনিয়াবাত এমপি আবুল হাসানাতের বাসভবনে সাক্ষাৎ করে ওসি’র বিচার ও অপসাণের দাবি জানান। এসময় এমপি ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা নেবেন বলে তাদের আশ্বস্ত করেন।
এব্যাপারে অভিযুক্ত ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাকে কেউ লাঞ্ছিত করেনি। আমি এমপি মহোদয়ের বাসভবনের ভিতরে ছিলাম।#