আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় গরুরহাটের স্থান নির্ধারণকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভা করেছে। জানাগেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা শহীদ স্মৃতি সংঘ, শহীদ শিপাহী আলাউদ্দিনের কবরস্থান ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা শহীদ তারক চন্দ্র সেনের চিতা ভস্ম, শহীদ মিনার এবং হিন্দু সম্প্রদায়ের শিব মন্দির একই স্থানে হওয়া স্বত্ত্বেও কয়েক বছর যাবৎ ওই স্থানটিতে কতিপয় প্রভাবশালীর আয়োজনে কোরবানির পশুরহাট বসালে স্থানটির পবিত্রতা রক্ষার্থে মুক্তিযোদ্ধাসহ স্থানীরা বিরোধীতা করে আসছিল। এ বৎসর ঈদুল অযহা উপলক্ষ্যে ্ধসঢ়;প্রভাবশালীরা এই স্থানটিতে পুনঃরায় পশুরহাট বসানোর পায়তারা শুরু করলে মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা বিষয়টি গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবী জানালে চেয়ারম্যান পূর্বের স্থান থেকে পশুরহাট সরিয়ে গৈলা ইউনিয়ন পরিষদ চত্তরে বসানোর স্থান নির্ধারণ করে। অপর দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদারসহ কয়েক জন পূর্বের স্থানে পশুরহাট বসানোর সিদ্ধান্তে গতকাল বুধবার মাইকিং করলে তাৎক্ষণিক গৈলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদের সরদারের সভাপতিত্বে গৈলা শিশু নিকেতন বিদ্যালয়ে জরুরী প্রতিবাদ সভার আয়োজন করে। মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভায় স্থানীয়রাও যোগদান করে। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, মোঃ সিরাজুল হক সরদার, মোঃ তাজুল ইসলাম, মোঃ শাহজাহান সরদার, মোঃ সোহরাফ হোসেন মাস্টার, শহীদ হাওলাদার, আলমগির মোল্লা, মুজিবুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবদুল্লাহ লিটন, আবুল কালাম খোকন, স্থানীয় দুলাল দাস গুপ্ত, আঃ সত্তার মোল্লা, মোঃ গিয়াস উদ্দিন মোল্লা, তারক চন্দ্র দে, মোহাম্মদ আলী আকন, আঃ জলিল খলিফা, মানিক মোল্লা, ইলিয়াস সরদার, প্রমুখ। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার বলেন গরুরহাটটি কয়েক বৎসরের পুরনো। এ বছরসহ বিগত ৩ বৎসর যাবৎ জেলা প্রশাসকের অনুমতিক্রমে হাট বসে আসছে। তাই প্রচারণার জন্য গতকাল মাইকিং করা হয়েছে।