রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগতীরে আগামীকাল ১৩ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা উপলক্ষে মাঠের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি। ঘন কুয়াশা, কনকনে শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লির পদভারে পরিপূর্ণ হয়ে গেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন দেশ থেকে দলবেঁধে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। এর আগে বুধবার (১১ জানুয়ারি) রাতেই পুরো ইজতেমা ময়দান পরিপূর্ণ হয়ে যায়। শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ৫৬তম বিশ্ব ইজতেমা শুরু হবে।
জানা গেছে, শুক্রবার বাদ ফজর থেকে কেন্দ্রীয়ভাবে মূল বয়ান শুরু হবে। ইতোমধ্যে আগত মুসল্লিদের নিজ নিজ দলের আমির ইজতেমার যাবতীয় ইমান, আদব, আখলাক ও শৃঙ্খলা নিয়ে কথা বলছেন। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
বিশ্ব ইজতেমা ২০২৩ উপলক্ষ্যে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ইজতেমা ইসলামের সুমহান আদর্শ জানা, বুঝা ও আমলের পথ সুগম করবে। মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেমদের বয়ান ও আলোচনা হতে মুসল্লিগণ ইসলামের বিধি-নিষেধ ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাবেন এবং ইসলামের প্রকৃত মর্মার্থ অনুধাবন ও অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শোকরিয়া। বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের কল্যাণে সঠিক পথে চলার তৌফিক দান করুক- এ প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
বিশ্ব ইজতেমা ২০২৩ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ১৯৬৭ সাল থেকে প্রতি বছর রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। ইজতেমা বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্যের এক অপূর্ব মিলনক্ষেত্র, যা ইসলামী সমাজ, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও মহানুভবতার এক অতুলনীয় দৃষ্টান্ত। আবহমানকাল ধরে আমাদের লালিত অসাম্প্রদায়িক চেতনা, অকৃত্রিম সরলতা ও অতিথিপরায়ণতা এবং সহিষ্ণুতার আলোকবার্তা ইজতেমায় আগত বিদেশি মেহমানদের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে যাবে- এ আমার প্রত্যাশা। এ মহান ধর্মীয় সমাবেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। বাংলাদেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, বিদেশিরা ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নিচ্ছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৬টি দেশের প্রায় দেড় হাজার বিদেশি এসে ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের পাশাপাশি একই সময়ে দেশের প্রায় সব জেলা থেকে লাখো মুসল্লি এসে ময়দানে নির্ধারিত খিত্তায় হাজির হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, ‘প্রায় সাড়ে ৭ হাজার পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ইজতেমার নিরাপত্তায় নিয়োজিত। কয়েকটি স্তরের এ নিরাপত্তা ব্যবস্থায় ইজতেমা ঢেকে রাখা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ঘটতে না পারে, সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে’।


