আক্ষেপ শেলী মান্নার

বিনোদন প্রতিবেদক: মান্নার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে মান্না ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে মান্না উৎসব ২০১৬।

এ উৎসবে যাদেরকে সঙ্গে পাওয়ার কথা ছিল তাদেরকে সঙ্গে পাচ্ছেন না মান্নার স্ত্রী শেলী মান্না। উৎসব উপলক্ষে গতকাল (২১ ডিসেম্বর) বিএফডিসির ভিআইপি প্রোজেকশন হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আক্ষেপ করে নানা কথা বলেন।

আক্ষেপ করে শেলী মান্না বলেন, ‘মান্নার মৃত্যুর পর যে পরিমাণ মানুষ সারা শহরে ভিড় করেছিল, এত মানুষ কোনো নেতা মারা গেলেও হয় না। তার মৃত্যুর পর এই উৎসব নিয়ে নানা পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। কারণ যারা আমাদের পাশে থাকার কথা, তারা পাশে থাকেননি। স্পন্সর হিসেবে যাদের আশা করেছিলাম, তাদেরকেও পাশে পাইনি। তারপরও  এবারের উৎসব হচ্ছে। এটাই আশার কথা।’

নতুন বছরের ১ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী অনুষ্ঠিত হবে মান্না উৎসব। উৎসবটি বেশ বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, চিত্রনায়িকা মৌসুমী, পপি, অপু বিশ্বাস, চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, ফেরদৌস ও জায়েদ খান।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক মান্না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।