আইন মেনে ব্যবসা না করলে কঠোর হবে সরকার -খাদ্যমন্ত্রী

আইন মেনে ব্যবসা না করলে কঠোর হবে সরকার -খাদ্যমন্ত্রী

আইনের বাইরে কেউ ধান চালের ব্যাবসা করতে পারবে না। আইন মেনে ব্যবসা না করলে কঠোর হবে সরকার। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে করণীয় নির্ধারণে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ধানের দাম বাড়ার অজুহাতে হঠাৎ চালের দাম বাড়ানোর যুক্তি সঠিক নয়। বাজারে যে চাল আছে; সেটি নতুন কেনা ধানের চাল নয়। কম দামে কেনা ধানের চাল বেশি দামে বিক্রি করছেন কেন এমন প্রশ্ন রাখেন মিল মালিকদের প্রতি।

মন্ত্রী বলেন, মিলগেটের চালের দাম বস্তায় লেখা নিশ্চিত করতে কাজ চলছে। এতে খুচরা ও পাইকারি বাজার মনিটরিং আরো শক্তিশালী হবে। তিনি বলেন, মিলাররা কর্পোরেট কোম্পানিগুলোর দোষ দেয়। কিন্তু তাদের অবৈধভাবে ধান চাল কিনতে মিলাররাই সহযোগিতা করে। তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্যাকেট করে চাল সরবরাহ করেন মিলাররাই।

মন্ত্রী আরো বলেন, ঢাকার খুচরা বাজারে অভিযানে গেলে অভিযোগ করে মিলাররা চাল ছাড়ছে না, আর মিলাররা বলছেন তাদের চাল বিক্রি হচ্ছে না। এটা ভালো লক্ষণ নয় উল্লেখ করে তিনি বলেন, বাজার বাড়লে বেশি দামে বিক্রি করবেন এটা মেনে নেওয়া হবে না। এসময় তিনি বাজারে স্বাভাবিক চালের সরবরাহ নিশ্চিত করতে মিলারদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, অবৈধ মজুত বিরোধী অভিযানের শুরু করেছি আমার নির্বাচনি এলাকা হতে। সারা দেশে অভিযান এখন চলছে। আমরা এটি চলমান রাখব।

ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল হাই, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান হুসাইনি, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, ঝিনাইদহ অটোরাইস মিল মালিক সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।