অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতিা ও সেবা প্রদানের মান উন্নত করার লক্ষ্যে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) যাত্রা শুরু হয়েছে।
আজ ঢাকায় ১৯ নভেম্বর ২০২৫ এক হোটেলে ওইপি প্ল্যাটফর্ম উদ্বোধন করেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে উন্নত ওইপি প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগের ফসল। সমন্বিত এই জাতীয় ডিজিটাল গেটওয়ে শ্রম অভিবাসন চক্রের মূল অংশীদার—অভিবাসনে আগ্রহী কর্মী, রিক্রুটিং এজেন্সি, ব্যুরো অব ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, নিয়োগকারী প্রতিষ্ঠান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং প্রত্যাবর্তন ও পুনর্বাসন সেবা প্রদানকারীদের এক প্ল্যাটফর্মে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে।
এই প্রতিষ্ঠানগুলো ও সেবাগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার মাধ্যমে, ওইপি অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতিা ও সেবা প্রদানের মান উন্নত করবে, দালালদের ভূমিকা হ্রাস করবে এবং কর্মীদের জন্য অভিবাসন ব্যয় কমাতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, এই উদ্যোগ নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর শ্রম অভিবাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রবাসী কর্মীরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অভিবাসন যাত্রা নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ করা আমাদের দায়িত্ব। সময়ের সাথে সাথে আমরা এই প্ল্যাটফর্মে আরো বৈশিষ্ট্য যুক্ত করতে পারব, যা কর্মী, নিয়োগকর্তা এবং সরকার—সবার জন্যই উপকারী হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটিহেড অব মিশন দীপাক এলমার এবং আইএলও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। এছাড়া, বিভিন্ন দূতাবাস, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থা, রিক্রুটিং এজেন্সি, নিয়োগদাতা সংগঠন, শ্রমিক সংগঠন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
অনুষ্ঠানটি বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও ন্যায়সংগত অভিবাসন অগ্রগতিতে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের সম্ভাবনাকে পূর্ণ মাত্রায় বাস্তবায়নের জন্য সব অংশীজনের মধ্যে টেকসই সহযোগিতা আহ্বানের মাধ্যমে সমাপ্ত হয়। উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথা বাংলাদেশের জনগণের সার্বিক গুরুত্ব বিবেচনাপূর্বক উক্ত প্লাটফর্মটি চালু করা হয়েছে।