বিনোদন প্রতিবেদক: টিভি অভিনেত্রী জেনি ফের বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন জনপ্রিয়। একটি বহুজাতিক কোম্পানির চেয়ারের বিজ্ঞাপনে দেখা যাবে এ অভিনেত্রীকে। এতে তার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন নাসিম।
নতুন এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সানবীম আশরাফ। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এ নির্মাতা। জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার ভিন্ন দুটি বিজ্ঞাপনে সর্বশেষ মডেল হিসেবে কাজ করেছিলেন জেনি।
এ প্রসঙ্গে জেনি বলেন, ‘নাটকের অভিনয় নিয়েই বেশি ব্যস্ত আছি। বিজ্ঞাপনের অনেক প্রস্তাব পাই কিন্তু কনসেপ্ট পছন্দ না হওয়ায় কাজ করি না। তবে নতুন এই বিজ্ঞাপনটি একেবারেই ভিন্ন একটি থিম নিয়ে নির্মিত হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
খুব শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। নাসিম-জেনি অভিনীত ‘নির্বিকার মানুষ’ ধারাবাহিক নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। এ ছাড়াও বেশ কিছু ধারাবাহিক ও খণ্ড নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এ জুটি।