বিশেষ প্রতিবেদকঃ অটিজম আক্রান্তদের জন্য বরাদ্দ করা সুযোগ–সুবিধা যেন অন্য কেউ ভোগ করতে না পারে, সে জন্য সরকার একটি প্রতিবন্ধী নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের প্রতিভাকে সমাজের উন্নয়নে কাজে লাগাতে সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে। এসব সুযোগ–সুবিধা যেন তাদের কাছেই পৌঁছায়, সে বিষয়ে সবাইকে তৎপর থাকার তাগিদ দেন তিনি।
প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট করেছে জানিয়ে প্রধানমন্ত্রী সমাজের বিত্তশালীদের এই ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন কোনো প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য অবশ্যই সুযোগ–সুবিধা নিশ্চিত করতে হবে।
প্রতিবন্ধীদের সুযোগ–সুবিধা বাড়ানোর উদ্যোগের বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘কারণ আমাদের একটা কিছু হলে তো আবার হয়ে যায় যে, সবাই তখন হয় প্রতিবন্ধী হয়ে যায়, নয় অটিজম হয়ে যায়। এ রকম কিছু সমস্যা থাকে।’
‘তার জন্য আমরা যথাযথভাবে যারা অটিজমে ভুগছে বা প্রতিবন্ধিতায় ভুগছে, তারা যেন যথাযথভাবে সহযোগিতাটা পায়, তার জন্য একটা নীতিমালা আমরা প্রণয়ন করে যাচ্ছি।’




