২০২৬ সালের হজের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে। হজযাত্রীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আজ ৭এপ্রিল সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাহী কমিটির সদস্যদের সাথে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। হজযাত্রীরা যেন কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে সকলকে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান তিনি।
এর আগে হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ে কিছু সুপারিশ ও দাবিদাওয়া তুলে ধরেন।
ধর্মমন্ত্রী হাবের সুপারিশ ও দাবিদাওয়াসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।