স্পিনিং উইকেট, তাতে তিন স্পিনার। ভারতের মাটিতে উপমহাদেশের বাইরের দলগুলোকে হারানোর জন্য বেশ পরীক্ষিত কৌশল। কতবারই তো ভারতে এসে এই কৌশলের কাছে হার মেনেছে অতিথি দলগুলো। তবে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের প্রথম ম্যাচে ভারতকে তাদেরই মন্ত্রে ঘায়েল করে দিল নিউজিল্যান্ড। স্পিন বিষেই মহেন্দ্র সিং ধোনির দলকে নীল করে দিয়ে ম্যাচ জিতে নিল ৪৭ রানে।
শুধু ব্যবধান বলে এই জয়ের মাহাত্ম্য আসলে বোঝানো যাবে না। আগে ব্যাট করে ১২৬ রানের অল্প পুঁজি ছিল কিউইদের। তা নিয়েই ভারতকে ভারতেরই মাটিতে সর্বনিম্ন ৭৪ রানে আউট করে দিল কেন উইলিয়ামসনের দল! সঙ্গে একটা বার্তাও দিয়ে রাখল—টি-টোয়েন্টিতে আসলেই ‘ফেবারিট’ বলে কিছু নেই।
বিশ্বকাপের আগে সব ফেবারিট-তত্ত্বেই ছিল ভারতের নিরঙ্কুশ প্রাধান্য। এমনকি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন নিজেও শিরোপার দৌড়ে ভারতকেই এগিয়ে রেখেছিলেন! এক ম্যাচ হেরেই এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। তবে মহেন্দ্র সিং ধোনির দল যে ‘অজেয়’ নয়, সেটা ভালোভাবেই বুঝিয়ে দিল নিউজিল্যান্ড। বরং ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে তো কিউইরাই অজেয়, এ নিয়ে মুখোমুখি পাঁচ ম্যাচের সব কটিতে জয়!
সে জয় এলও কী দুর্দান্তভাবে। ম্যাচের আগে উইলিয়ামসনের সিদ্ধান্তটাকে দুঃসাহসই মনে হচ্ছিল। যতই স্পিন ধরুক উইকেটে, সাউদি-বোল্টদের বসিয়ে রেখে নিউজিল্যান্ড অধিনায়ক যে তিন স্পিনার নিয়ে নেমেছিলেন। যেন বার্তা দিতে চাওয়া, ‘এই পিচে অশ্বিন-জাদেজারা যদি “মুরালি-হেরাথ” হয়ে উঠতে পারে, তবে সোধি-স্যান্টনাররাও হয়ে উঠতে পারেন একেকজন “ওয়ার্ন-ভেট্টোরি”!’
নেহরা-বুমরার পেস আর জাদেজা-রায়নার দুর্বোধ্য স্পিনে খাবি খেয়েছে নিউজিল্যান্ড। প্রায় সব ব্যাটসম্যানই ‘টেস্ট-গতি’তে রান করেছেন। কোরি অ্যান্ডারসনের ইনিংস সর্বোচ্চ ৩৪ এসেছে ৪২ বলে! আর অধিনায়ক কেন উইলিয়ামসন তো রীতিমতো ‘প্রস্তরযুগী’য়—১৬ বলে ৮ রান!
তবে ব্যাটিংয়ের আক্ষেপটা বোলিং-ফিল্ডিংয়ে বেশ ভালোভাবেই মিটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। শুরু থেকেই স্পিন আক্রমণে চাপে রেখেছে ভারতীয় ব্যাটসম্যানদের। একে একে উইকেট তো পড়েছেই, সঙ্গে রানের জন্যও হাঁসফাঁস করতে হলো রায়না-রোহিতদের। একটা সময় তো টানা ৬২ বলে কোনো বাউন্ডারি হয়নি। বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর অধিনায়ক ধোনি একা লড়লেন বটে! কিন্তু কাল আর তাঁকে ‘ধোনি—দ্য ফিনিশার’ হতে দেননি কিউই বোলাররা।