প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শারীরিক বা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটোরিয়ামে ইমপ্রেস টেলিফিল্মের আয়োজনে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং নিজের ওপর অটুট বিশ্বাস। তিনি বলেন, মনোযোগ ও পরিশ্রম থাকলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদেও অধিষ্ঠিত হতে পারে।
তিনি আরও বলেন, দুই হাত ছাড়াই জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে আয়েশার এগিয়ে যাওয়ার গল্প প্রমাণ করে, দৃঢ় মনোবল থাকলে কোনো বাধাই অজেয় নয়।
ববি হাজ্জাজ বলেন, আয়েশার সাফল্য যেন ব্যতিক্রমী কোনো ঘটনা হয়ে না থাকে। বরং দেশের প্রতিটি শিশু যেন তার নিজস্ব সামর্থ্য ও প্রতিভা বিকাশের সমান সুযোগ পায়, সেই লক্ষ্যেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি জানান, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশু বৈষম্যের শিকার হবে না এবং সবাই সমান সুযোগ পাবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদক্ষেপকে তিনি মেধা, মানবিকতা এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশেষ প্রদর্শনীতে তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘পায়ের ছাপ’ প্রামাণ্যচিত্রটি দুই হাতহীন, অদম্য মেধাবী তরুণী আয়েশার জীবনসংগ্রাম, আত্মবিশ্বাস এবং সাফল্যের অনুপ্রেরণামূলক গল্পকে তুলে ধরেছে। তার সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার বার্তা দেয়।