ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচ এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ পালনের ব্যবস্থা করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের হজ যাত্রা সহজ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় পর্যায় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানের টিকিটে ২৫ হাজার টাকা ছাড়
প্রতিমন্ত্রী বলেন, “হজযাত্রীদের বিমান ভাড়া কমাতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। গত বছর আমরা টিকিট প্রতি খরচ ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছিলাম। ধারাবাহিকতায় এ বছর টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।”
সৌদি সরকারের সাথে কর ও আবাসন খরচ কমানোর আলোচনা
বিমান ভাড়া আরও সাশ্রয়ী করতে সৌদি বিমানবন্দরে টিকিটের ওপর আরোপিত ‘নির্মাণ কর’ কমানোর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের বিষয় নিয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।
হজযাত্রীদের সাথে প্রতারণা করলে কঠোর শাস্তি
হজ এজেন্সির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “হজযাত্রীরা মহান আল্লাহর অতিথি। তাদের সাথে কোনো প্রকার প্রতারণা বা অনিয়ম সহ্য করা হবে না। কেউ প্রতারণার আশ্রয় নিলে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।”
৯৫% হজযাত্রী যান বেসরকারি মাধ্যমে: ধর্মসচিব
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, বাংলাদেশের মোট হজযাত্রীর মাত্র ৫ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় এবং অবশিষ্ট ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করে থাকেন। তিনি এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা হাজিরা কষ্ট পান—এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাব নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক হজপ্রত্যাশী উপস্থিত ছিলেন।