নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যাকাণ্ডে ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা হওয়ার পর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।’
বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এছাড়া আগামী ২৫ অক্টোবরের মধ্যে সিলেট জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পদ প্রত্যাশীদের ‘জীবন বৃত্তান্ত’ জমা দেয়ার আহ্বান করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (১৬ অক্টোবর) সিলেট নগরের টিলাগড়ে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ খুন হন। মিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীকে আসামি করে ছাত্রলীগের ১০ জনের নামোল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে বুধবার সন্ধ্যায় শাহপরান থানায় হত্যা মামলা দায়ের করা হয়।