পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সবধরনের নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ-এর মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় জনসভাস্থল পরিদর্শণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় ড. বেনজীর আহমেদ বলেন, জনসভাস্থল শেষে সবাই নিরাপদে বাড়ি চলে যেতে পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কোন ধরনের হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, প্রতি মুহুর্তে আপডেট তথ্য সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শুধু জনসভাস্থলই নয়, সারদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। সব ধরনের পরিস্থিতি মোকাবেলা প্রস্তুত বাহিনীর সদস্যরা।
পুলিশ প্রধান আরো বলেন, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানী পুলিশ বাহিনীও উদযাপন করবে। এজন্য সারাদেশের পুলিশ সদস্যরা বাহিনীর পক্ষ থেকে আনন্দ উৎসব করবে।
এ সময় র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)-এর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।