যুক্তরাষ্ট্রের দাবি, নিউইয়র্কে তারা শিখ নেতা পান্নুকে হত্যাচেষ্টার সম্ভাব্য ষড়যন্ত্র নস্যাৎ করেছে। নিখিল গুপ্ত ভারত সরকারের এক কর্মকর্তার নির্দেশে এ পরিকল্পনা করেছিলেন। গত জুনে নিখিল চেক রিপাবলিকে গ্রেপ্তার হন। পরে বন্দি প্রত্যর্পণের মাধ্যমে তাকে যুক্তরাষ্ট্রে আনা হয়। তিনি ভারতের এক সরকারি কর্মকর্তার নির্দেশে এটা করছিলেন বলে আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় শিখ নেতা পান্নু বলেন, নিখিলকে অভিযুক্ত করার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করা হয়েছে। তাকে হত্যার ষড়যন্ত্রে ভারতের সরকার জড়িত।
বিবিসি জানায়, নিখিল আন্তর্জাতিক মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাকে ওই ভারতীয় কর্মকর্তা বলেছিলেন, সম্ভাব্য হত্যাকাণ্ড সংঘটিত করতে যুক্তরাষ্ট্রে তিনি যেন একজন সহযোগীকে খুঁজে বের করেন। এজন্য নিউইয়র্কে নিখিল ভাড়াটে খুনির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাকে অগ্রিম অর্থও দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানপন্থি শিখ নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে ভারতীয় কর্মকর্তা জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে মুখ খুলেছে ভারত। বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গুরুতর এ অভিযোগ আনা হয়। এতে বলা হয়, পান্নুকে হত্যার জন্য ভারত সরকারের এক কর্মকর্তা নিখিল গুপ্ত নামে এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছিলেন। হত্যা সংঘটিত করতে নিখিল ভাড়াটে খুনিকে অর্থ দেওয়ারও পরিকল্পনা করেন। কিন্তু তিনি ধরা পড়েন। তার ভাড়াটে খুনিই তাকে ধরিয়ে দেন।
শিখ নেতা পান্নুকে হত্যার জন্য ১ লাখ ডলার দিতে চেয়েছিলেন নিখিল। গত ৯ জুন আরেক সহযোগীর মাধ্যমে ওই ভাড়াটে খুনিকে ১৫ হাজার ডলার অগ্রিমও দিয়েছিলেন। যার মাধ্যমে হত্যার পরিকল্পনা তিনি বাস্তবায়নের চেষ্টা করছিলেন, সেই ভাড়াটে খুনি কাজ করছিলেন মার্কিন প্রশাসনের জন্যই।
পান্নু একজন খালিস্তানপন্থি মার্কিন আইনজীবী। তার জন্মস্থান ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের কাছাকাছি এলাকায় হলেও দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। তাকে প্রায়ই কানাডায় স্বাধীন খালিস্তানের দাবিতে অনুষ্ঠান ও বিক্ষোভে দেখা যায়। তাকে ভারতের বাইরে খালিস্তানপন্থি শিখদের সবচেয়ে প্রভাবশালী নেতা মনে করা হয়। পান্নু ‘শিখস ফর জাস্টিস’ নামে সংগঠনের নেতা। এটি স্বাধীন শিখরাষ্ট্র খালিস্তান গঠনে প্রচারণা চালায়। পান্নুকে ২০২০ সালে সন্ত্রাসী ঘোষণা করে ভারত।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতিতে ধাক্কা দেওয়ার মূল শক্তি হয়ে উঠতে পারে। ভারতের গণতন্ত্র নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বাইডেন দেশটির নেতাদের চীন ও রাশিয়ার প্রভাবের বিরুদ্ধে শক্তি হিসেবে বিবেচনা করছেন।
গত বুধবার নিখিল গুপ্তের বিরুদ্ধে নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়। এর পরই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে খবরটি প্রকাশ করতে থাকে। যুক্তরাষ্ট্রের অভিযোগকে গুরুতর হিসেবে দেখা হচ্ছে। কারণ, এর আগে কানাডার মাটিতে শিখ নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড ঘটেছে। এ জন্য ভারতের গোয়েন্দাদের দোষারোপ করে আসছে কানাডা। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন সর্বকালের তলানিতে ঠেকেছে।
দিল্লি ও অটোয়ার স্নায়ুযুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের অভিযোগ কার্যত চাপে ফেলেছে ভারতকে। গতকাল বৃহস্পতিবার এনডিটিভি জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘উদ্বেগের বিষয়’ বলে বর্ণনা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, মার্কিন আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বলা হচ্ছে, তার সঙ্গে ভারতের একজন কর্মকর্তার যোগসাজশ আছে। বিষয়টি উদ্বেগজনক। ভারতের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যুক্তরাষ্ট্রকে বলেছেন, এটা তাদের সরকারের নীতির পরিপন্থি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানায়, খালিস্তানপন্থি নেতাকে মার্কিন মুলুকে বসে হত্যার ষড়যন্ত্র করা নিয়ে সম্প্রতি ভারতকে সতর্কও করেছিল যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্র অপরাধী-সন্ত্রাসীসহ কয়েকজনের বিষয়ে তাদের কিছু তথ্য দিয়েছে। এসব তথ্য তদন্ত করে দেখা হচ্ছে।