মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের কালু মিয়াকে (২২) অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে সদর থানা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক কালু মিয়া আশরাফপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, সম্প্রতি আশরাফপুর গ্রামের একটি ইটভাটায় সন্ত্রাসীদের গোপন বৈঠকে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছিল। অভিযানে কেউ গ্রেফতার না হলেও বৈঠককারীদের বিষয়ে নিশ্চিত হতেই কাজ করছিল পুলিশ।
সন্দেহভাজন হিসেবে গতরাতে কালুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় কালুর শয়নকক্ষ থেকে একটি এলজি শার্টারগানসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।