ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী থানার গোয়ালকারী গ্রামে উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক কমল চন্দ্র সিংহকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় লাঠি, কাস্তে ও কুড়াল দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে স্থানীয় শামসুল নামের এক ব্যক্তি ও তার ৩ ছেলে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১নং বেড এ চিকিৎসাধীন রয়েছেন।
২৪ জুলাই রবিবার বিকাল ৩.৩০ ঘটিকায় কৃষকলীগের যুগ্মসম্পাদকের বাড়ির সামনে রাস্তায় এঘটনা ঘটে।
স্থানীয়দের থেকে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের গোয়ালকারী গ্রামের কমল চন্দ্র সিংহ জমির পাশের জমি মৃত আবদুল এর পুত্র মোঃ শামসুল ভোগ দখল করেছিল। সাত বছর পূর্বে মাপ দেওয়ায় কিছু জমি কমল চন্দ্র সিংহ এর মধ্যে এসে যায়। সেই জমিতে শামসুলের লাগানো গাছ সেই সাত বছর ধরে কাটতে অনুরোধ করে আসছিল কমল সিংহ। আবার গাছ কাটতে বলায় কমল চন্দ্র সিংহকে বাড়ি থেকে রাস্তায় ডেকে এনে শামসুল(৫৫) ও তার তিন পুত্র(মোঃ পল্টু, মোঃ বুধু ও মোঃ সলকু) “শালা, তোরে মেরে ইন্ডিয়া পাঠামু”- বলে এই ন্যক্কারজনক হামলা চালায়। লাঠি, কাস্তে ও কুড়াল দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। স্থানীয় লোকদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
কমল চন্দ্র সিংহ এর পুত্র মিঠুন সিংহ জানান,”আমি চাকুরী সূত্রে গাজীপুর থাকি। ঘটনার পর আমার বাবা হাসপাতালে যায়, পরে বালিয়াডাঙ্গী উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের পরামর্শে মাকে নিয়ে থানায় গিয়ে সরাসরি মামলা করে। সেই মামলা এখনো নথিভুক্ত হয়নি।”
বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃত্ব জনাব মাজহারুল ইসলাম সুজন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় ও ইউপি সদস্যকে জানানো হয়। উনারা দ্রুত সমাধানের আশ্বাস দেন। ৯৯৯ থেকে বালিয়াডাঙ্গী থানার দায়িত্বরত অফিসার থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলে, অথচ অভিযুক্তরা রাত ১০টা পর্যন্ত লাঠিসোটা নিয়ে বাড়ির মূল দরজায় অবস্থান করছিল যাতে কেউ অভিযোগ দিতে যেতে না পারে। দিন পেরিয়ে রাত আনুমানিক ১০.৩০টা পর্যন্ত কোন সমাধানের কার্যক্রম না দেখে অতঃপর আহত কমল সিংহ এর স্ত্রীর মাধ্যমে বালিয়াডাঙ্গী থানায় এজাহার লিখে আসেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয় নেতৃবৃন্দ মিমাংসা করে দিবে জানিয়েছে। তারপরেও আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
উল্লেখ্য যে, কমল চন্দ্র সিংহ ১৯৯৩ সাল থেকে ২০২০ পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।