স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ে এগিয়ে টাইগাররা। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে পুরো ব্যাকফুটে লঙ্কানরা। এমন পরিস্থিতিতে জয়ের ব্যবধান এগিয়ে যাওয়া এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। টুর্নামেন্টের তৃতীয় ও বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এটি। এ ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। অন্যদিকে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প অন্যকিছুই ভাবছে না শ্রীলঙ্কা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের লড়াই শুরু হবে দুপুর ১২টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। হাথুরুসিংহের সাবেক শিষ্যদের বিপক্ষে সাফল্য আসবে নাকি আবার ধাক্কা খেতে হবে জানা যাবে ম্যাচের শেষে।
২০১৭ সালটা শ্রীলঙ্কা ক্রিকেট দলের জন্য দুঃস্বপ্নের মত কেটেছে। যতগুলো ওয়ানডে খেলেছে হেরেছে তার বেশিরভাগই। দিন বদলের আশায় তারা প্রধান কোচ করে আনে চন্ডিকা হাথুরুসিংহেকে। কোচও তার সাধ্যমত চেষ্টা করছেন দলের পারফরম্যান্সে পরিবর্তন আনার। অনুশীলনে কঠোর এই হেডমাস্টার অধিনায়ক করে ফিরিয়ে এনেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। তবুও চলতি ত্রিদেশীয় সিরিজে বছরের প্রথম ম্যাচেই তারা হেরেছে জিম্বাবুয়ের কাছে।
গতবছর শ্রীলঙ্কার ওয়ানডের শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়ে। এরপর বাংলাদেশের কাছেও নিজেদের মাটিতে হেরেছিল তারা। মোট ২৯ ওয়ানডের ৫টিতে জয়। এবার জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে নতুন বছর শুরু করেছে দলটি। তাই বাংলাদেশ আশা করতেই পারে দলটিকে হারানোর।
বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ জেতা ম্যাচে সেঞ্চুরি করেছেন। দলটির বিপক্ষে ১৭ ম্যাচের ১৬ ইনিংসে ৩৪.৪৩ গড়ে ৫৫১ রান করেছেন এই ড্যাশিং ব্যাটসম্যান, দুটি সেঞ্চুরিও আছে। আর মিরপুর ভেন্যুতে আর ১২৬ রান দরকার তার কোন ভেন্যুতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়তে। তা এদিনই করে ফেলতে পারলে তামিমের দল সবচেয়ে বেশি উপকৃত হবে।
প্রথম ম্যাচে উড়ন্ত জয়ে টুর্নামেন্ট শুরুর পর ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশ। তাই দলের কাছ থেকে এমন পারফরমেন্স চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সতীর্থদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রথম ম্যাচ যদি দেখেন, আমরা কিন্তু প্রায় তিনশ’ রান চেজ করার মতো অবস্থানে ছিলাম। অবশ্যই এই ধরনের জয় বাড়তি একটা অনুপ্রেরণা দেয়। আশা করব, যারা ঐ ম্যাচে অপরাজিত ছিল তাদের আত্মবিশ্বাস ভালো পর্যায়ে থাকবে। আর যারা আউট হয়েছে, বিজয় ও সাকিব, ওরাও ভালো করতে পারবে। বোলিংয়ের দিক থেকে সবাই ভালো বোলিং করেছে। শ্রীলঙ্কাকে ২৭০/২৮০ রানের ভেতরে রাখার সামর্থ্য আমাদের অবশ্যই আছে। ওরা ভালো ব্যাটিং করলেও নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে যে রানের ভেতরে ওদের আটকাতে চাই তা করার সামর্থ্যও আমাদের আছে।
অন্যদিকে লঙ্কান অধিনায়ক ম্যাথিউজ গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। শেষপর্যন্ত খেলবেন কিনা তা নিশ্চিত হবে ম্যাচের আগে। তবে ভীষণ চাপের মধ্যে থাকা শ্রীলঙ্কা শেষে না টাইগাররা থাবা দিয়ে বসে!
জিম্বাবুয়েকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। কিন্তু শ্রীলংকা সেটি করতে ব্যর্থ। জিম্বাবুয়ের কাছে ১২ রানে হেরে যায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, এতে চিন্তিত নন শ্রীলংকার ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। বাংলাদেশের বিপক্ষে জয়ের প্রত্যাশা করে সামারাবিরা বলেন, ‘ভালো ব্যাপার হলো, টুর্নামেন্টে এখনও আমাদের বেশ কয়েকটি ম্যাচ আছে। প্রথম ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করতে পারবো। তিন দলের এমন টুর্নামেন্টে এটা হতেই পারে। আমরা এক বা দু’টি ম্যাচ হারতেই পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এখান থেকে ইতিবাচক কিছু নিয়ে তা সামনের ম্যাচগুলোতে কাজে লাগানো। ইতিবাচক দিকগুলো নিয়ে ভালো ফলই প্রত্যাশা করছি।
ওয়ানডের পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত ৪১ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে ৩৪টিতে জিতেছে লঙ্কানরা। বাংলাদেশের জয় মাত্র ৫টি ম্যাচে। দুটি হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ ২০১৭ সালের মার্চে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলেছিলো বাংলাদেশ। ঐ সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো।