স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (৫ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সুনামগঞ্জ সদর এলাকার শফিকুল ইসলামের ছেলে ফক্কর মিয়া (৩০), সিলেটের জকিগঞ্জ এলাকার মহিবুর রহমানের ছেলে সাজেদুর রহমান (২২) ও রাজবাড়ীর আরিফুল ইসলামের ছেলে সাহেল (২৮)।
জানা গেছে, গত ছয় বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে ফক্কর, সাজেদুর ও সাহেল সীমান্ত পথে ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফেরত আসা যুবকদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।





