মাদারীপুর কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন ।
আজ ১০ আগস্ট বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরা জেলার শ্যামনগর কালীগঞ্জ এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সাথে বিয়ে হয়। তাদের সংসারে একজন মেয়েও আছে। স্বামী বিদেশ থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
বুধবার (৯ আগস্ট) রাতে বাথরুমে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এসময় পায়ে বিষধর সাপ কামড় দেয়। এতে সে চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। তারা সবাই ঘটনাস্থলে একটি ব্যাঙ দেখতে পান। তাই তারা ধারণা করেন ব্যাঙ কামড় দিয়েছে। পরে সে রাতে ঘুমানোর জন্য বিছানায় যান। এর কিছু সময় পর তার শরীর প্রচন্ড ব্যাথা শুরু হয়।
পরে পরিবারের লোকজন তাকে বৃহস্পতিবার ভোরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, সাপের কামড়ে মারা যাবার খবর পাইনি। তবে আপনাদের মাধ্যমে জানলাম। এখন এ ব্যাপারে খোজ খবর নেয়া হবে।
এ ক্যটাগরির আরো খবর..