বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সড়ক থেকে টিটু (৪৫) নামে এক যুবককে ২ কেজি ৩শ গ্রাম স্বর্ন ও একটি মোটর সাইকেল সহ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বেলা সাড়ে ৫টার সময় সে আটক হয়।
আটক টিটু বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে।
২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল থেকে এক যুবক যশোর-হ ১৩-৬৩০২ নং মোটর সাইকেল যোগে পুটখালির দিকে স্বর্ন পাচারের উদ্দেশ্য যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া সড়কে অভিযান চালানোর সময় টিটু নামে ঐ যুবককে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে তার দেহ থেকে লুকানো ২০ পিছ স্বর্ন পাওয়া যায়। পরে তাকে দৌলতপুর ক্যাম্পে নিয়ে স্বর্ন ওজন করে দুই কেজি ৩শ ৪০ গ্রাম স্বর্ন জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক স্বর্ন বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে এবং স্বর্ন পাচারকারি টিটুকে স্বর্ন পাচারকারি হিসাবে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।