বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট অনুষ্ঠান উদ্বোধন

এন এ রবিউল হাসান ললিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জয়েন্ট রিট্রিট সেরিমনি (দুই দেশের জাতীয় পতাকা নামানো বা অবনমন) উদ্বোধন করা হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম ও বিএসএফ মহাপরিচালক শ্রী কৃষাণ কুমার শর্মা ফলক উন্মোচন এবং উভয় দেশের জাতীয় পতাকার রং সংবলিত বেলুন অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসএফের শিলিগুড়ি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ডঃ রাজেশ মিশরা, বিএসএফের অম্বির সিং, ৫১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার কেএম উমেষ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বলেছেন, দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে এই জয়েন্ট রিট্রিট অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এটা চালুর মাধ্যমে দুই বাহিনীর সম্পর্কের নতুন দ্বার উম্মোচন হলো।

বিএসএফ মহাপরিচালক শ্রী কৃষাণ কুমার শর্মা আইপিএস বলেছেন, বাংলাদেশ ও ভারতের জিরো লাইনে জয়েন্ট রিট্রিট অনুষ্ঠান উদ্বোধন মাইল ফলক হয়ে থাকবে। এখন থেকে উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নতুন ইতিহাস শুরু হলো।

এর আগে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল শামছুল আরেফীন ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল আল হাকিম মোঃ নওশাদ বাংলাবান্ধা জিরো লাইনে বিজিবি ও বিএসএফর মহাপরিচালকদের অভ্যর্থনা জানান।

এখন থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো লাইনে প্রতিদিন সূর্যাস্তের সময় এই রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত হবে বলে বিজিবি ও বিএসএফর পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে উভয় দেশের ভ্রাতৃত্বের সেতুবন্ধনের অংশ হিসেবে বিজিবি ও বিএসএফের যৌথ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন দুই দেশের দুই প্রান্তে বিজিবি ও বিএসএফের জওয়ানরা। ঘণ্টাব্যাপী প্যারেডের মাধ্যমে জয়েন্ট রিট্রিট সেরিমনি উভয় দেশের উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়িক নেতাসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।