মাগুরা প্রতিনিধিঃ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার আয়োজনে মাগুরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে দর্শনীর বিনিময়ে রবীন্দ্র সন্ধ্যা। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাগুরার সংস্কৃতি অনুরাগী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণাবন্ত হয়ে ওঠে।
অন্তর মম বিকশিত কর অন্তরতর হে -এ গানটির সাথে সমবেত নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে একক ও দলীয় সংগীত পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান মাউথ অর্গান বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। সর্বশেষ সববেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কু-ু, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খন্দকার আজিম আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক আজমুল হক, ভাষা সৈনিক খান জিয়াউল হক, মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ কয়েকশত দর্শক-শ্রোতা প্রায় তিনঘন্টাব্যাপী অনুষ্ঠানটি উপভোগ করেন।
পরিষদের মাগুরা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান জানান, চার শতাধিক দর্শক দর্শনীর বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এর আগে শুধু রবীন্দ্রসঙ্গীত নিয়ে দর্শনীর বিনিময়ে অনুষ্ঠান মাগুরায় হয়নি। এ অনুষ্ঠান আগামী দিনে রবীন্দ্র চর্চায় অনুপ্রেরণা জোগাবে।





