‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এসব অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা যেন আর কখনই ক্ষমতায় ফিরতে না পারে। কারণ তারা দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ উজাড় করেছে। তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশকে সার্বিকভাবে উন্নয়নের মহাসড়কে তুলেছে। সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা এটা করতে পেরেছি।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, নাগরিক সংবর্ধনায় (যুক্তরাষ্ট্রে) যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হোটেল রিজ কার্লটনে আসছিলেন তখন দেখলেন হোটেলের সামনে বিরোধী দল বিএনপি এবং আরও কয়েকটি দলের নেতাকর্মীরা বাইরে প্রতিবাদ করছিল। প্রধানমন্ত্রী বললেন, ওরা বাইরে শীতের ভেতরে বিক্ষোভ করছে, ওদের প্রতিনিধিদের আসতে বলো। ওরা কী বলতে চায়, তারা এখানে এসে বলুক। এরপর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদ এবং মিশনের একজন কর্মকর্তা তাদের এই আমন্ত্রণ জানাতে যান।কিন্তু প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ছিল তারা (বিএনপি-জামায়াত) আসুক এবং তিনি তাদের কথা আন্তরিকভাবে শুনতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই উদার আচরণ আসলে শেষ পর্যন্ত বিফলে গেছে।