বিএনপি এক রায়ে মিষ্টি খায় আরেক রায়ে বিক্ষোভ করে

নিজস্ব প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রধান বিচারপতি স্বাধীনভাবে কাজ করেন। বিধি সম্মতভাবেই তিনি ছুটিতে যান এবং ফেরত আসেন। এই ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ বা জবরদস্তি নেই।’
এ নিয়ে বিএনপির বক্তব্যকে ‘ভ্রান্ত প্রচারণা’ বলে উল্লেখ করেন মন্ত্রী।
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে বলে বিএনপি যে অভিযোগ করছে, তা সঠিক নয়। কারণ, এই বিএনপি আদালতের একটি রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি খায়, আবার আরেকটি রায়ে বিক্ষোভ করে। কার্যত বিএনপি আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা আদালতকে ব্যবহার করতে চায়।’
জাসদ সভাপতি বলেন, সরকার আদালতের ওপর হস্তক্ষেপ করে না বিধায় আদালত ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিতে পেরেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘এখন পর্যন্ত বিএনপি নির্বাচন করবে কী করবে না সেই সিদ্ধান্ত নিতে পারেনি। তাদের এলোমেলো প্রস্তাবই প্রমাণ করে তারা এ নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে। এর আড়ালে তারা নির্বাচন বানচালের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।