ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতৈর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে গোবড়া গামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিকাশ কর্মকার উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের একজন পরিচিত স্বর্ণকার ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সাতৈর রেলওয়ের ওয়েম্যান রাসেল জানান, বিকাশ কর্মকার তার সামনে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ শুনে তিনি নিজে সরে গেলেও বিকাশ কর্মকার হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার অসুস্থতায় মারা যান। তাদের একমাত্র ছেলে বিশাল কর্মকার বর্তমানে নানাবাড়িতে অবস্থান করছেন।
স্থানীয় নাছিম ফকির জানান, ঘটনাস্থল থেকে নিহতের পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) এবং মৃত স্ত্রী ও সন্তানের ছবি উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগেও তিনি সাতৈর বাজারের একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তবে ঋণের চাপে পড়ে ব্যবসা ছেড়ে ঢাকায় চাকরি নিতে বাধ্য হন। প্রায় এক সপ্তাহ আগে পৈত্রিক জমি বিক্রির উদ্দেশ্যে বাড়িতে এলেও স্বজনদের বাধার মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করা হবে।