খালেদা জিয়ার জন্য কাঁদলেন মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। বক্তব্যে তিনি বললেন, দেশের প্রতিটি মানুষকে সন্তানের মতো ছায়া দিয়ে রেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওয়ান ইলেভেন-এ যখন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, তখন থেকেই তার জীবনে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ গত ১৭ বছর ধরে চলে।
সোমবার বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, সবাই আশায় বুক বেধে ছিলাম, হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া সুস্থ্য হয়ে বাসায় ফিরবেন। কিন্তু তিনিই ঠিকই ফিরছেন, তবে কফিন হয়ে। এ শোক আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমাদের বর্তমান অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একে একে মা-বাবা, ভাইবোন সবাইকে হারিয়েছে। তার এই শোক যেন শক্তিতে পরিনত হয়, এই প্রত্যাশাই করি। দেশের মানুষকে যেন তারেক রহমান ছায়া দিয়ে রাখতে পারে, সেই আশায় প্রতিটি মানুষের।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষে কাজ করার আহবান জানান। পাশাপাশি তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।
কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি নেতা ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও মাহাবুব হোসেন মুন্সির সঞ্চলনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সোহরাব হাওলাদার, সদস্য সচিব অ্যাডভোকেট জাফর আলী মিয়া, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনেকেই।