ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুঃখ প্রকাশ করে বলেন, কেউ কেউ ব্যক্তি স্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন, এর থেকে বের হয়ে আসতে হবে, ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।
আজ শনিবার ২৬ ডিসেম্বর সদ্যপ্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় তিনি আহ্বান জানান। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন। এদেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ, আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় তা প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনও রাজনীতি নেই।
তিনি বলেন, বাদল রায় তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন।
তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলায় সুযোগ করে দিতে হবে। তা না হলে তারা মাদকসহ সমাজ বিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে।
ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুব ও ক্রীড়া সম্পাদক হারনুর রশিদসহ বিভিন্ন ফেডারেশনের নেতারা এবং ক্রীড়া সাংবাদিক, খেলোয়াড় ও সংগঠকেরা।




