দুই হিন্দু বোনকে অপহরণ ও পরে ধর্মান্তরিত করিয়ে বিয়ে দেওয়ার ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ওই ঘটনা ঘটেছিল। শনিবার দুই বোনই এর বিরুদ্ধে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কোর্টে আবেদন জানায় নিরাপত্তার জন্য। এর পরই রবিবার ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আরও অনেকে জড়িত, তাদের খোঁজ করছে বলে জানিয়েছে পাক পুলিশ।
দুই বোন রবিনা (১৩) ও রিনা-কে (১৫) হোলির দিন ঘোটকি জেলায় তাদের বাড়ি থেকে অপহরণ করে ‘প্রভাবশালী’ ব্যক্তিদের একটি দল। তার পরে একটি ভিডিয়োয় দেখা যায়, মুসলিম মতে রবিনা ও রিনার বিয়ে দিচ্ছেন এক মৌলানা। অন্য একটি ভিডিয়োয় আবার দেখা যায়, স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করার কথা বলছে দু’জন। জোর জবরদস্তি করে তাদের এ সব বলানো হয়েছে বলে পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে তাদের ভাই।
শুক্রবার এই ঘটনা সামনে আসার পরই ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের কাছে পুরো বিষয়ের রিপোর্ট চেয়ে পাঠান। টুইট করেও তিনি সে কথা জানান। তাঁর টুইটের প্রত্যুত্তর দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরি। সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে রীতিমতো টুইট-যুদ্ধ শুরু হয়ে যায় দু’দেশের মন্ত্রীর মধ্যে।টুইট করেন ফওয়াদ চৌধুরি। লেখেন, ‘এটা সম্পূর্ণ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। এটা ইমরান খানের নয়া পাকিস্তান, মোদীর ভারত নয় যেখানে সংখ্যালঘুদের দমিয়ে রাখা হবে। ভারতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রেও আপনি একইরকম তৎপর হবেন আশা করব,’ তার টুইটের প্রত্যুত্তরে আবার সুষমা স্বরাজ লেখেন, ‘আমি শুধু রিপোর্ট চেয়েছি। তাতেই ভয় পেয়ে গেলেন! এটাই প্রমাণ করে যে, আপনারা বিবেকের কাছে কতটা অপরাধী।’
রবিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান সিন্ধু এবং পঞ্জাব সরকারকে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার নির্দেশ দেন বলে ফওয়াদ চৌধুরি অন্য আর একটি টুইটে জানিয়েছিলেন। ফওয়াদের টুইট অনুযায়ী, এরকম ঘটনা যাতে আর না ঘটে, সেটাও নিশ্চিত করতে বলেছেন তিনি।