রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। জবাবদিহি না থাকায় আওয়ামী লীগের স্বৈরাচারী হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপি আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সহকর্মী হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ ও নেতা হিসেবে আপনাদের কাছে নির্দেশ, আমার নাম যখন কেউ বলবেন তখন দেশনায়ক বা রাষ্ট্রনায়ক এই কথাগুলো কথাগুলো দয়া করে ব্যবহার করবেন না।’
তারেক রহমান বলেন, ‘দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে। এ জন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে। এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।
তিনি বলেন, ‘নির্বাচনের জবাবদিহি, প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই মূল কাজ হবে। রাজনীতি রুগণ হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগণ হলে স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রুগণ হবে।