× Banner

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের খালি মাঠে গোল, বিএনপির ভোট বর্জন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, নেতা-কর্মীদের ওপর হামলার অনিয়ম, কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী এডভোকেট এস এম ফোরকান।আজ রোববার সকাল সাড়ে ১০ টায় শিকলবাহাস্থ তার বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। এ সময় বিএনপি মনোনীত অপর দুই ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ওসমান, উম্মে মিরজান হাবিবাও উপস্থিত হয়ে ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এহসান এ খান, সাধারণ সম্পাদক আলী আব্বাস, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী এডভোকেট এস এম ফোরকান বলেন, এটা একটি চূড়ান্ত প্রহসনের নির্বাচন। এভাবে লোকদেখানো নির্বাচন না দিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে চেয়ারে বসিয়ে দিলেই হয়ে যায়।

এই নির্বাচন আরেকটি যুগপৎ প্রহসন ও পাঁতানো নির্বাচনের দৃষ্টান্ত হয়ে দেশের ইতিহাসে থাকলো বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, ভোটের আগের রাতে স্থানীয় আওয়ামীলীগের ক্যাডারবাহিনী পুরো এলাকায় গুলিবর্ষণ করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। তার বাসভবনে হামলা চালায়।

বেশ কয়েকজন বিএনপি সমর্থককে আহত করে। ভোটের দিন সকাল ৬টা থেকে বড়উঠান, চরলক্ষ্যা, শিকলবাহ এলাকায় ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারবাহিনীরা বিএনপি প্রার্থীর এজেন্ট ও সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেয়, মারধর করে। তিনি জানান, পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিলেও পুলিশ ছিল নির্বিকার।

বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ওসমান সাংবাদিকদের অভিযোগ করেন, শাহমীরপুর ও জুলধার দুটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান দিদারুল আলমের লোকজন।

তিনি বলেন, সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গেলে দেখতে পান নির্বাচনে দায়িত্বে থাকা সেখানে ১৯জন ম্যাজিস্ট্রেট নিয়ে বসে আছেন। প্রশ্নহলো নির্বাচন চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে না গেয়ে ইউএনও অফিসে কাজ কি? তিনি বলেন, এটাই হচ্ছে প্রহসনের নির্বাচনের নমুনা।

এদিকে নির্বাচন বর্জনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচনকে প্রশ্নববিদ্ধ করতে শুরু থেকেই ষড়যন্ত্র করছে বিএনপি। যে কারণে তারা গণসংযোগ করেনি, যায়নি ভোটারদের দুয়ারে। আজকে বর্জন নাটক করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পনাটি তারা শুরু থেকেই নিয়ে রেখেছিল।প্রসঙ্গত, উপজেলা প্রশাসনিক কাঠামো গঠনের পর এটাই কর্ণফুলী উপজেলার প্রথম নির্বাচন।


এ ক্যটাগরির আরো খবর..