কুড়িগ্রাম প্রতিনিধি: স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে কুড়িগ্রামের উলিপুর পৌরসভায়। মঙ্গলবার সকাল থেকে ভোটাররা দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।
৩০ ডিসেম্বর নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার।
স্থগিত কেন্দ্র দুটিতে ভোটার সংখ্যা ৩৮৯৮ জন। এ দুটি কেন্দ্রে মেয়রপ্রার্থী ৬ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৭ জন।
উলিপুর পৌরসভায় ১৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী তারিক আবু আলা চৌধুরী ধানের শীষ প্রতীকে ৭৭৬৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু পেয়েছেন ৫৫৮৮ ভোট। এ দুই মেয়র প্রার্থীর ভোটের ব্যবধান ২১৭৯ ভোট।