অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ আবার ভোরবেলা গুলির শব্দে কেঁপে উঠল ভূস্বর্গ কাশ্মীর। পুলিশ জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কাশ্মীরের কুলগাম জেলায় নিপোরা এলাকায় শুরু হল এনকাউন্টার। বাহিনীর গুলিতে মৃত্যু ২ জঙ্গির।
চলতি মাসের প্রথম সপ্তাহে সেনার হাতে খতম হয় তিন জইশ জঙ্গি। কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। বুধবার সকালে জঙ্গি ও ভারতীয় বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এই সংঘর্ষে ভারতীয় সেনার হাতে নিকেশ হয় তিন জইশ ই মহম্মদ জঙ্গি। কঙ্গন এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়েই তল্লাশি চালাতে শুরু করে সেনা।
কাশ্মীর পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ ভাবে এই অভিযান চালাচ্ছে। এখনও চলছে গুলির লড়াই। শেষ খবর অনুযায়ী, বাহিনীর গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। বাহিনীর তরফে অপারেশন জারি রাখা হয়েছে।
চলতি সপ্তাহে কাশ্মীরে বারবার সেনা জঙ্গি এনকাউন্টারে উত্তপ্ত হয়ে উঠেছে ভূ-স্বর্গ। বুধবার সকালেও দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে চলেছে সেনা-জঙ্গি গুলির লড়াই। ওই দিন কমপক্ষে ২ জঙ্গিকে খতম করে সেনা।
প্রায় প্রত্যেকটি অভিযানে দেখা যাচ্ছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে সেনারা জঙ্গি ডেরায় পৌঁছতেই শুরু হয়ে যাচ্ছে এনকাউন্টার। এর আগের সপ্তাহে রবিবার থেকে সোমবার অবধি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ৯জন জঙ্গি মারা গেছে। এরা সকলেই হিজবুল মুজাহিদিন জঙ্গি-গোষ্ঠীর। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র।
সেনার এক শীর্ষ আধিকারিক জানান পুঞ্চ ও রাজৌরি জুড়ে তল্লাশির মাত্রা বাড়ানো হয়েছে। বিভিন্ন গ্রামে চলছে টহলদারি। অন্যদিকে পৃথক ভাবে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরের হীরানগর এলাকায় তল্লাশি চালানো হয়।
সূত্রের খবর, রবিবার যে ৫ জন মারা গেছে তাদের মধ্যে একজন টপ কম্যান্ডার। ধারণা করা হচ্ছে তারা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিনের অংশ ছিলেন।