ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের চাঞ্চল্যকর শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামি বিপুল দাস ও আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার রায়গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন থানার এসআই শুকুমার কুন্ডু। এ সময় হত্যা কাজে ব্যবহৃত ছুরিও পুলিশ উদ্ধার করেছে। নিহত সৌরভ ছোট রায়গ্রামের বাবু দাসের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর রায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন দুপুর ৩ টার দিকে থানা পুলিশ নিহত শিশুর বাড়ির পাশের একটি নির্মাণাধীণ বিল্ডিংয়ের ছাদ থেকে তার গলা কাটা ও ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ দীর্ঘদিন তদন্ত চালিয়ে হত্যার সাথে জড়িত একই গ্রামের বিশ্বজিতের ছেলে বিপুল ও গোপাল দাসের ছেলে আকাশ কে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসনে জানান, শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাজে ব্যবহৃত ছুরিও পুুলিশ উদ্ধার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বৃহস্পতিবার জেল-হাজতে সোপর্দ করা হবে।