বিশেষ প্রতিবেদকঃ উৎসবমুখর পরিবেশে আজ ১ জুলাই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৬ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম সাজে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও হল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, কেক কাটা, উদ্বোধনী সংগীত, শোভাযাত্রা, গবেষণা ও আবিষ্কার বিষয়ক প্রদর্শনী প্রভৃতি।
সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবনসংলগ্ন চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবনসংলগ্ন মল চত্বরে জমায়েত হন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর নেতৃত্ব দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ শিক্ষক, সিনেট-সিন্ডিকেট সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশ নেন। শোভাযাত্রাটি টিএসসি মোড়, কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং হলি আর্টিজান ও সারা বিশ্বে বিভিন্ন জঙ্গি হামলায় নিহতদের তিনি স্মরণ করেন।
উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, শিক্ষা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। বর্তমান শতাব্দীকে জ্ঞান-বিজ্ঞানের শতাব্দী হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এ যুগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নিরীহ মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা সময়ের চাহিদা পূরণ করেছে উল্লেখ করে আরেফিন সিদ্দিক বলেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠন বর্তমান সময়ের একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায়ও ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আজ সবাইকে সত্যনিষ্ঠ জাতি গঠনের প্রত্যয় গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন তা আমাদের জন্য গর্বের উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে।