স্টাফ রিপোর্টার: জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রাষ্ট্রে বিশেষ অবদানের জন্য ভারতরত্নের অনুরূপ বেসামরিক সর্বোচ্চ পদক ও পুরস্কারের প্রচলন চান। আর এই জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করলেন তিনি।
শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জনপ্রশাসন পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই প্রস্তাব রাখেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘সরকারি পর্যায়সহ সকল পর্যায়ে যদি কাজের স্বীকৃতি দেওয়া হয় তাহলে দেখা যাবে কর্মক্ষেত্রে মেধা ও দক্ষতার স্বাক্ষর বেড়ে গেছে। আমাদের দেশে বিভিন্ন দিবস উপলক্ষ্যে রাষ্ট্রীয় পদক যেমন- বাংলা একাডেমী পদক, স্বাধীনতা পদক ও একুশে পদক দেওয়া হয়। রাষ্ট্রীয় কর্মী পর্যায়ে পদক দেওয়ার প্রচলন নেই।
প্রতিবেশী দেশে ভারতরত্ন পুরস্কারের কথা উল্লেখ করে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘ভারতে দিলীপ কুমার, শচিন টেন্ডুলকার, মনমোহন সিং ও বিশিষ্ট ব্যক্তিদেরকে বিশেষ অবদানের জন্য ভারতরত্ন উপাধি ও পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের দেশেও সে রকম পুরস্কার প্রচলন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করছি।
প্রসঙ্গত, ভারতরত্ন ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৫৪ সাল থেকে এ সম্মাননা চালু রয়েছে। শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও জনসেবায় বিশেষ কৃতিত্বের অধিকারীদের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ তিনজনকে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল আরো বলেন, ‘আমাদের দেশে ভাল কাজের জন্য খুব কমই স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশে বেসামরিক পদক দেওয়ার রেওয়াজ রয়েছে। ফিলাপাইন ও ইল্যান্ডসহ বিভিন্ন দেশে পদক ও টাইটেলের অভাব নেই। আজকে লন্ডনে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব যদি অবসরে যান তাহলে সে সঙ্গে লর্ডস সভার সদস্য করা হয়। কারণ, তার অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়। কিন্তু আমাদের দেশের সরকারি কর্মকর্তাকে অনেকটা ঘুষখোর ও অদক্ষ হিসেবে আমরা আখ্যায়িত করি। অথচ তাদের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের অভিজ্ঞতা ও মেধা রয়েছে সেটা সবচেয়ে মূল্যবান। এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে দেশের মঙ্গল হয়।’
এর আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পদক বিতরণ করেন। প্রথমবারের মতো জনপ্রশাসন পদকপ্রাপ্তরা হলেন, জাতীয় পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে বিসিএস (প্রশাসন) একাডেমির ড. রহিমা খাতুন, দলগত শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পরিচালক (দলনেতা) মো. মোস্তাফিজুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জাহিদ হোসেন পনির, বিসিএস (প্রশাসন) একাডেমির সহকারী পরিচালক জি এম সরফরাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব তন্ময় কুমার মজুমদার ও যশোরের সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন।
সাধারণ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সিদ্দিকী ও দলগত শ্রেণিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (দলনেতা) মো. আনিছুর রহমান মিঞা, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বেগম শাহীন আরা বেগম, সহকারী কমিশনার বেগম জয়া মারীয়া পেরেরা ও বেগম ফারহানা আফসানা চৌধুরী। কারিগরী ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে পুরস্কার পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম।।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।