স্পোর্টস ডেস্কঃ বছরের শেষটা দারুণ কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর। গেল রাতে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সি আর সেভেন। ২০১১ সালে শুরু হওয়া এই পুরস্কার পঞ্চমবার হাতে পেলেন রোনালদো।
এছাড়া বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জিনেদিন জিদান। এবারই প্রথম গ্লোব সকার অ্যাওয়ার্ড পেলেন লস ব্লাঙ্কোস বস। অবশ্য গত বছরও এই পুরস্কারের মনোনয়নের তালিকায় ছিল জিদানের নাম। সে বার পর্তুগালকে ইউরো জিতিয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা কোচের পদক পেয়েছিলেন ফার্নান্দো সান্তোস।
এ বছর জিদানের অধীনে পাঁচটি শিরোপা ঘরে তুলেছে রিয়াল। যে কারণে তাকে টক্কর দেওয়ার কেউ থাকল না। রিয়ালকে শিরোপা জেতানোর পেছনে সবচেয়ে বড় অবদান রোনালদোর। যার ফলে খেলোয়াড় ক্যাটাগরির মুকুটটা গেছে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের ঘরে।
‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’জিতে বেজায় খুশি জিদান। ‘পুরস্কারের জন্য ধন্যবাদ। আমি সত্যিই রিয়ালের কাছে কৃতজ্ঞ। রিয়াল প্রেসিডেন্টকে অনেক ধন্যবাদ। কারণ তিনি আমাকে রিয়ালের মতো এমন দুর্দান্ত ক্লাবের কোচিং করানোর সুযোগ দিয়েছেন। রিয়ালের সব ফুটবলারদের অভিনন্দন। কারণ তাদের জন্যই আজ আমি এই পুরস্কার জিতেছি।’