× Banner
সর্বশেষ
১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য মন্ত্রণালয় ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আজ পবিত্র শবে বরাত: ঘরে বসে ইবাদত করার আহ্বান

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Shabe-Barat-1.jpg
আজ হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ পবিত্র শবে বরাত।

পবিত্র শবেবরাত আজ। মহিমান্বিত এ রাতে আল্লাহতায়ালা বান্দার জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেন। মর্যাদাপূর্ণ এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা দয়াময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া-দরুদ ও জিকির-আজকারে মগ্ন থাকেন।

‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবি ‘লাইলাতুল বরাত’ মানে সৌভাগ্যের রাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাত অর্থাৎ ১৫ শাবানের এ রাতকে মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসাবে পালন করেন।

নবীজি (সা.) বলেন, এই রাতের সন্ধ্যা থেকেই আল্লাহতায়ালা দুনিয়ার নিকটতম আকাশের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি বুলান এবং বান্দাদের উদ্দেশে বলেন, আছো কি কোনো ক্ষমাপ্রার্থী আমি তাকে ক্ষমা করব, আছো কি কোনো অসুস্থ-রোগী আমি তাকে সুস্থ করে দেব, আছো কি কোনো অসচ্ছল অভাবী আমি তার অভাব-অনটন দূর করে দেব, আছো কি কোনো বিপদগ্রস্ত আমি তার বিপদ দূর করে দেব। এভাবে তিনি শেষ রাতে পশ্চিমাকাশে লাল আভা দেখা যাওয়া পর্যন্ত ডাকতে থাকেন। (ইবনে মাজাহ)।

হজরত আয়েশা (রা.) বলেন, রাসূল (সা.) একবার আমাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা তুমি কি জানো, এই রাতে অর্থাৎ শাবানের ১৫তম রাতে কী হয়? আমি বললাম, হে আল্লাহর রাসূল (সা.) আপনি বলুন কী হয়।

তিনি বললেন, আগামী এক বছরে যারা জন্ম নেবে এবং মৃত্যুবরণ করবে এ রাতে তাদের নাম লেখা হয়। এ রাতে আদম সন্তানদের আমলনামা উঠানো হয় এবং তাদের রিজিক অবতীর্ণ হয়। (বায়হাকি)।

শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা।

আর এজন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরম করুণাময় বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করুন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’

প্রধানমন্ত্রী পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই মহামারিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবাদত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহতায়ালার কাছে বিপদের এ সময় বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই। মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন।’

প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের উল্লেখযোগ্য প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে বাদ মাগরিব থেকে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক মাহফিল অনুষ্ঠিত হবে।

বাদ এশা দোয়া অনুষ্ঠিত হবে। ওয়াজ ও মোনাজাত করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

শবেবরাতের পরদিন অর্থাৎ কাল সরকারি ছুটি। তবে আজ সংবাদপত্রের ছুটি। এ কারণে কাল সংবাদপত্র প্রকাশিত হবে না।

আতশবাজি নিষেধ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..