আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় দেড় যুগেও রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা এলজিইডি বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের দর্জির পাড় থেকে সরকারবাড়ী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারের রাস্তাটি দেড় যুগেও সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে এলাকবাসীর চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ শতশত লোকজন যাতাযাত করছে। মাটির কাঁচা রাস্তা বর্ষার সময় ভেঙ্গে গিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পরে। একটু বর্ষা হলেই রাস্তায় কাঁদা হয়ে চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিক্ষার হচ্ছে প্রায়ই।
রাস্তায় চলাচলকারী শিক্ষার্থী নদী পাইক বলেন, বর্ষাকালে প্রায়দিনই আমাদের স্কুলে যাতায়াতের সময় গর্তে পড়ে গিয়ে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। স্কুলে যেতে হয় তাই চলাচল বন্ধ করতে পারছি না। এই রাস্তা ছাড়া স্কুলে যাওয়াতের আর কোন রাস্তাও নেই। তাই বাধ্য হয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ ও এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোন কাজ হয়নি।
রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মোঃ ইলিয়াস তালুকদার সাংবাদিকদের জানান, ইউনিয়ন পরিষদ থেকে শ্রীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, রাস্তাটি সংস্কার করার জন্য মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। তারা প্রকল্প পাশ করলেই সংস্কার কাজ শুরু করা হবে।





