সালিশ বৈঠকে যাওয়ার সময় বিকাশ মন্ডল নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা
আহত ইউপি সদস্যকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আটটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ত্রিমূখী নামক এলাকায়।
আহত বিকাশ মন্ডল বাকাল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড (কদমবাড়ি গ্রামের) সদস্য। মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য বিকাশ মন্ডল জানান, একই বাড়ির বিনয় মন্ডলের সাথে জমি নিয়ে দীর্ঘ পাঁচ বছর যাবত বিরোধ চলে আসছে।
গত শুক্রবার কথাকাটাকাটির জেরধরে তার ভাই নিহার মন্ডল ও ভগ্নিপতি পলাশ মন্ডলকে মারধর করে বিনয় মন্ডলের লোকজন। সোমবার রাতে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক হওয়ার কথা ছিলো।
সেই সালিশ বৈঠকে যাওয়ার সময় বাকাল ত্রিমূখী এলাকায় বসে উজিরপুর উপজেলার কারফা এলাকা থেকে লোক ভাড়া করে এনে বিনয়ের ছেলে বিপ্লব মন্ডলের নেতৃত্বে তার (ইউপি সদস্য) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এসময় হামলা ঠেকাতে গিয়ে ইউপি সদস্যের ভাই প্রফুল্ল মন্ডল গুরুতর আহত হয়।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।