স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি, ফেন্সিডিল, ইয়াবা, বিদেশী মদ, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও পুলিশের পোশাকসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো- কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের মমিন পাঠানের ছেলে পৌর কাউন্সিলর রেজাউল পাঠান (৪০), কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে মোশাররফ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে নাটু মল্লিক (৩৪)।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: মনির আহমেদ জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তি তারা জানতে পারে কোটচাঁদপুরের আদর্শপাড়ায় সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ও মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে গেল রাতে অভিযান চালায় তারা। সেসময় ১ টি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, বিদেশী মদ, ইয়াবা, ফেন্সিডিল, ৫ টি হাসুয়া, একটি চা চাইনিস কুড়াল, দুইটি ইয়ার গানের বাট, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও পুলিশের পোশাকসহ পৌর কাউন্সিলর রেজাউল পাঠান ও তার সহযোগী মিলন হোসেন এবং নাটু মল্লিককে আটক করা হয়।
আটককৃতরা উদ্ধারকৃত অস্ত্র দিয়ে এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকান্ড করে আসছিল বলে জানিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোটচাঁদপুর থানায় সোপর্দ করা হবে বলে র্যাব জানায়।