প্রতারণা ও যৌতুক মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা

প্রতারণা ও যৌতুক মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা

প্রতারণা, যৌতুক ও অর্থ আত্মসাতের মামলায় জামিন না মঞ্জুর করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে এসএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

কারাগারে যাওয়া ওই কর্মকর্তার নাম সোহেল উদ্দিন। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তাকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি সময় সংবাদকে মুঠোফোনে জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে কোতোয়ালি মডেল থানার এসি সোহেল উদ্দিনকে ক্লোজড করে এসএমপির হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার (১ জুলাই) ঢাকার মহানগর হাকিম-১৫ নম্বর আদালতের বিচারক নাজনীন আক্তারের আদালতে প্রতারণা, যৌতুক ও অর্থ আত্মসাতের মামলায় এসি সোহেল উদ্দিনের জামিন আবেদন বাতিল করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বলেন, ‘প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালত এসি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন।’

উল্লেখ্য, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা সোহেল উদ্দিন ২০১৭ সালে ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।