ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১২০টি বিমান কিনবে চীন। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস।
প্রথমবারের মতো চীন সফর শুরু করেছেন জার্মানির চ্যান্সেলর। আজ বুধবার (ফেব্রুয়ারি) তিনি বেইজিং পৌঁছান। তার এই সফরের মূল লক্ষ্য বাণিজ্য সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতা গভীর করা।
বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ম্যার্ৎস। বৈঠকের পর তিনি চীনের এয়ারবাস কেনার বিষয়টি ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের বলেন, চীনের এই সিদ্ধান্তে এটা স্পষ্ট যে, এমন সফর কতটা ফলপ্রসূ হতে পারে। এছাড়া আরও কিছু চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ম্যার্ৎস বলেন, জার্মানি ও চীনের মধ্যে নিয়মিত সরকার পর্যায়ের বৈঠক, যা রাজনৈতিক পরিবর্তন ও মহামারির কারণে বন্ধ ছিল, খুব শিগগিরই আবার শুরু করার আশা করছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও অনিশ্চিত পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বার্লিন ও বেইজিং তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
গত বছর চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়। তবে একই সঙ্গে জার্মানি চীনকে পশ্চিমা বিশ্বের জন্য একটি ‘প্রাতিষ্ঠানিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবেও দেখে।
বৈঠকে দুই নেতা কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেন। ম্যার্ৎস বলেন, তিনি এই সফরকে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছেন। অন্যদিকে শি জিনপিং বলেন, তিনি দুই দেশের সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিতে প্রস্তুত।
ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে বলা হয়, শি জিনপিং কূটনীতিক সমাধানকে গুরুত্ব দিয়েছেন এবং শান্তির ভিত্তি গড়তে সব পক্ষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
সম্প্রতি পশ্চিমা বিশ্বের আরও কয়েকজন নেতা বেইজিং সফর করেছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।