মেহের আমজাদ,মেহেরপুর (১৭/০৩/১৬) :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস/১৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভার মেধাবী শিশুদের হাতে শুভেচ্ছা স্মারক ও বঙ্গবন্ধু রচিত “অসমাপ্ত আত্মজীবনী” বইটি তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে মেহেরপুর পৌরসভার আয়োজনে মেহেরপুর কুটুমবাড়ী রেস্টুরেন্ট প্রাঙ্গণে “হৃদয়ে বঙ্গবন্ধু” শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।
পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ আসকার আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন। আবুল হাসনাত দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক রফিক-উল আলম, শিক্ষার্থী জুনায়েদ আহমেদ, পারমিতা ভট্টাচার্য প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ মেহেরপুর পৌর সভার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৫২ জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর মনোগ্রাম সম্বলিত ক্রেস্ট ও বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি তুলে দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে সেখানে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস’র কেক কাটা হয়।